ছিদ্দিকুর রহমান সোহেল | ভোলা প্রকাশ
ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি লোকাল গান (এলজি) ও তিনটি বগি দাসহ নূরউদ্দিন কয়েল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ২টা ৫৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার ৪ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব গাজীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। এ সময় মোঃ সাদ্দাম ফকিরের নির্মাণাধীন ভবনের উত্তর পাশে টিনের চালার খোলা বারান্দা থেকে একটি লোকাল গান (এলজি) ও তিনটি বগি দা উদ্ধারসহ নূরউদ্দিন কয়েলকে আটক করা হয়।
আটক নূরউদ্দিন কয়েল পূর্ব কাজীরচর এলাকার মৃত আশ্রাফ আলী কয়েলের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।