ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. ওয়াসিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) ভোলা সদর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের কালিনাথ বাজার এলাকার তিন খাম্বা সংলগ্ন মো. ফিরোজের চারতলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ভবনের নিচতলার ১বি নম্বর ফ্ল্যাটের ভাড়াটিয়া ওয়াসিমের নিজ দখলীয় বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।