ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার লালমোহন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের কথিত সর্দার মো. আমির হোসেন (৪৫), মো. মঞ্জু (৩৫) ও মো. হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি, বোরহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট রাত পৌনে ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। দেশীয় অস্ত্র ও এসএস পাইপ নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তারা। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ১০ আগস্ট বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের হলে জেলা পুলিশের নির্দেশনায় তদন্তে নামে ডিবি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট ঝুমকা, একটি চিকন চেইন এবং চার হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। এছাড়া মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।