শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার: নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক গোলটেবিল আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
সভায় ভোলার নদীভাঙন ও জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাকসুদুর রহমান বলেন, টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর নদীভাঙনে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছেন। নদীভাঙনের পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত ইটভাটা এবং পলিথিন-প্লাস্টিকের ব্যবহার পরিবেশের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের দ্রুত চিকিৎসা, পুষ্টিকর খাবার ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীদের খাদ্য নিরাপত্তা এবং আয়বর্ধক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রোকেয়া সম্মাননা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। আলোচনা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
সভা থেকে দুর্যোগপ্রবণ এলাকায় নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানানো হয়।