ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা।।
ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া দুই জেলে হলেন—ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোলদারের ছেলে মো. আলমগীর গোলদার (৪৫) ও তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সকালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার ছোট নৌকাটি মেঘনায় ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিও।
পরবর্তীতে নৌকাসহ দুই জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, নদীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।