নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
ভোলার সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে হাসপাতালে গিয়ে ভিকটিমের স্বাস্থ্যের খোঁজ নেন ভোলা জেলার পুলিশ সুপার। দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করায় পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গত ১৩ই মে ২০২৬ তারিখ, আনুমানিক দুপুর ১২টার দিকে ভোলা সদর মডেল থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নে এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় আসামী গোপাল দেবনাথ তার নিজের বসত ঘরে স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে জোরপূর্বক / ধ/র্ষ/ণ /করে।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে আজ ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সরাসরি ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ভিকটিমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৭, তারিখ-১৪/৫/২৬ ইং)।পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম এবং এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস দল উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত গোপাল দেবনাথ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন দ্রুত পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সুশীল সমাজ।