• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

‎বোরহানউদ্দিনে চাঞ্চল্যঃস্কুলছাত্রী অপহরণ মামলায় চারজন আসামি

NEWS ROOM / ৭৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

অনিক আহমেদ স্পেশাল করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

‎মামলার বাদী ভুক্তভোগী ছাত্রীর বাবা মোঃ হোসেন (৪০), যিনি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, তার মেয়ে লামিয়া আক্তার স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী। মামলায় অভিযুক্ত করা হয়েছে— মোঃ হৃদয় (২০), মোঃ রিপন (৩৫), মোঃ রাকিব (৩৬) এবং মনি বেগম (৫৫)-কে। তাদের সবার বাড়ি বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত হৃদয় দীর্ঘদিন ধরে লামিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে প্রথমে সামাজিক কারণে পরিবার বিষয়টি গোপন রাখে। পরে অভিযুক্তের পরিবারকে জানানো হলে তারা কোনো কার্যকর সমাধান না দিয়ে উল্টো মেয়েটির সঙ্গে হৃদয়ের বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, যা ভুক্তভোগীর পরিবার প্রত্যাখ্যান করে।

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে লামিয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সে যখন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট সড়কে পৌঁছায়, তখন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎বাদী তার এজাহারে আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা তার মেয়েকে গুরুতর ক্ষতির সম্মুখীন করতে পারে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত রিপনের স্ত্রী জানান, তার স্বামী, দেবর ও শাশুড়ি বাড়িতে নেই এবং তারা কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে তিনি অবগত নন।
‎এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্কুলে যাওয়া একটি মেয়ের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

‎একজন শিক্ষক বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
‎এলাকার সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি