মোঃ মহিউদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার :
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি গ্রামের কৃতী সন্তান, সাবেক পুলিশ কর্মকর্তা ও সবার প্রিয় ‘ইউছুফ দারোগা’ নামে পরিচিত মরহুম মোঃ আবু ইউছুফ মিয়া আর নেই। গত ৫ জানুয়ারি ২০২৬, রাত ১টা ১০ মিনিটে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৩৭ সালে গঙ্গাকীর্তি গ্রামের নুর বক্স ফরাজি বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মাওলানা ফজলুর রহমান ছিলেন ভোলা অঞ্চলের একজন খ্যাতিমান আলেম এবং ‘গাবখান হুজুর’ নামে সুপরিচিত ধর্মপ্রচারক।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করার পর তিনি পাকিস্তান আমলের পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি সততা, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার জন্য সুনাম অর্জন করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাজারবাগ পুলিশ লাইনের প্রতিরোধযুদ্ধে অংশ নেন এবং পরবর্তীতে ভোলায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। দেশের প্রতি তাঁর ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তিনি বলতেন, “দেশের জন্য যুদ্ধ করেছি, কোনো সনদ বা পরিচয়ের জন্য নয়।”
স্বাধীনতার পর পুনরায় বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারি বাসভবন ও রাষ্ট্রপতির নিরাপত্তা দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেরও কিছু সময় দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসর গ্রহণ করেন।
তাঁর ব্যক্তিত্বে ছিল রাজকীয় সৌন্দর্য, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও আত্মমর্যাদাবোধের অনন্য সমন্বয়। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন সজ্জন, কর্তব্যপরায়ণ, দেশপ্রেমিক এবং অনুকরণীয় ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। স্বজন, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের কাছে তিনি আজও একটি ইতিহাস, একটি প্রেরণা এবং এক রাজকীয় মননের প্রতীক হয়ে বেঁচে থাকবেন।