নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণের মাধ্যমে ভোলা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে নবাগত পুলিশ সুপার ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং ফোর্সদের সঙ্গে পরিচিত হন। পরে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন। 
দায়িত্ব গ্রহণ পরবর্তী মত বিনিময় সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, করোনা-উত্তর পুলিশিং, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি উপস্থিত সকল অফিসারের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা, মানবিক সেবা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ভোলা জেলায় যোগদানের পূর্বে তিনি বান্দরবান জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।