মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
আগামী ১৬ জুলাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৮ জুলাই ২০২৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক সাংগঠনিক নির্দেশনায় বলা হয়েছে, রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে বা দেশবিরোধী অপতৎপরতা চালাতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম গঠন এবং উৎসব চলাকালীন সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সকল সাংগঠনিক ইউনিটে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।