নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ :
বৈরি আবহাওয়া ও তীব্র ঝড়ো হাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড় ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বেলা ১১টা ২০ মিনিট থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি চলাচল করছে। তবে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ধৈর্য ধারণ ও আবহাওয়ার পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।