ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম কাচিয়া এলাকায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. মনির ফকির বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে পশ্চিম কাচিয়া এলাকার মো. বাচ্চুর সঙ্গে তার মেয়ের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ট্রাক কেনার জন্য নগদ তিন লাখ টাকা দাবি করে। এর আগে জমি বিক্রি করে কিছু অর্থ দেওয়া হলেও পরবর্তীতে আরও টাকা দাবি করা হয়। এছাড়া বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকারও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
অভিযোগকারী দাবি করেন, গত ২৮ আগস্ট রাতে গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তালুকদার হাট বাজার এলাকায় অসহায় অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিযোগে উল্লেখিত প্রধান অভিযুক্তের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে কোনো বক্তব্য না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।