ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট: ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার একটি বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের চকডোষ ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চকডোষ এলাকার মৃত ইউনুছ চৌকিদারের ছেলে মোঃ জুয়েল চৌকিদার (৩০)-কে তার বসতঘরের সামনের উঠান থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।