ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিয়ের আগেই এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুটি রানী শিল (১৮) স্থানীয় সঞ্চয় চন্দ্র শীলের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, চলতি বৈশাখ মাসেই সুটির বিয়ে নির্ধারিত ছিল। বিয়েকে কেন্দ্র করে পরিবারে কিছুটা চাপ ও দুশ্চিন্তা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, পারিবারিক অভিমান বা মানসিক চাপ থেকেই সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।
ঘটনার পর পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম নেমে আসে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
এদিকে, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের উদ্যোগ নিয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ করতে রওয়ানা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের দাবি উঠেছে।