ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
নবগঠিত ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম এবং তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ছাত্ররাজনীতিতে ইতিবাচক ও গণমুখী ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসম্পৃক্ত রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ তরুণ নেতৃত্বের বিকাশ, আধুনিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, “তরুণদের ইতিবাচক নেতৃত্বই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক অভিভাবকত্বের জন্য সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।