রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন।
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বুধবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এরপর একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সভাপতি সিহাব হাওলাদার। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান। সভায় যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের ভূমিকা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে সিহাব হাওলাদার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বোরহানউদ্দিনকে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে সংগঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান বলেন, “জাতীয়তাবাদী দলের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। দলকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপজেলা যুবদল, পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।