ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বোরহানউদ্দিন ও দৌলতখানের ১১টি শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুরবানির গোশত পৌঁছে দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। ঈদের দিন বিকালে এমপি পুত্র দৌলতখান-বোরহানউদ্দিনের তরুণ সমাজের পরিচিত মুখ ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশের তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা এই দুই উপজেলার শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদের আনন্দ যাতে শহীদ পরিবারগুলোও ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই কুরবানির গোশত সহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা সবসময় থাকবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”
ব্যারিস্টার মোঃ মারুফ ইব্রাহিম আকাশ বলেন, “শহীদ পরিবারের সদস্যরা যেন কখনো নিজেদের একা মনে না করেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
কুরবানির গোশত পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ নয়নের বাবা বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আজ ঈদের দিনে আমাদের খোঁজ নেওয়ায় খুব ভালো লাগছে। এমপি হাফিজ ইব্রাহিম ও ব্যারিস্টার আকাশ আমাদের যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না।”
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।