ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৯০ টাকাসহ মো. আব্দুল হাসেম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর মুন্সিবাড়ির দরজার সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ৯০ টাকাসহ আব্দুল হাসেমকে আটক করা হয়।
আটক আব্দুল হাসেম নবীপুর সাইক্লোন সেন্টারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাসেম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।