ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলার কাঁচাবাজারে জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টাকালে শাহানাজ নামে এক নারীকে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তার কাছ থেকে প্রায় ৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আজ সকালে ভোলার একটি কাঁচাবাজারে সওদা করার সময় জাল নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে বিষয়টি যাচাই করে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়।
খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক শাহানাজের দাবি, তিনি এসব টাকা তার স্বামী সাইফুলের কাছ থেকে সংগ্রহ করেছেন। তাদের বাড়ি স্থানীয় কন্ট্রাকটর বাড়ির সংলগ্ন মাঝি বাড়ি এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ জাল টাকা তৈরি বা সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জাল টাকার উৎস কোথায়, কারা জড়িত—তা উদঘাটনে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।