বিজয় বাইন,ভোলা
১৬ তারিখ রবিবার সকাল ১০.০০টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত ড্রেস কোড অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
এবারের কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আছাদুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ বাবুল আখতার সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় কুচকাওয়াজ শেষে ডিআইজি মহোদয় ভোলা জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং সেখানে বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ আয়োজনে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও দক্ষতার পরিচয় বহন করে।