ভোলায় কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান, ই’য়া’বা-গাঁ’জা’সহ আটক ১
ভোলা প্রতিনিধি:
ভোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. সম্রাট হোসেন মাতাব্বর (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকালী গ্রামের নববী মসজিদের পশ্চিম পাশে একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলা এবং বাংলাদেশ কোস্টগার্ডের ভোলা ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক সম্রাট হোসেন মাতাব্বর পূর্ব চরকালী এলাকার মাতাব্বর বাড়ির বাসিন্দা। তিনি মৃত লোকমান মাতাব্বরের ছেলে।
অভিযানকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা হলিউড ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটের ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ২ দশমিক ৬ গ্রাম। এছাড়া একটি পলিথিনের প্যাকেট থেকে ২০০ গ্রাম গাঁজা এবং শয়নকক্ষের খাটের ওপর বালিশের নিচ থেকে গাঁজা পরিমাপের একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার উপপরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ভোলাকে মাদকমুক্ত করতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।