ভোলায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ভোলা ॥
ভোলায় আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ ও র্যাব-৮ এর যৌথ দল। গ্রেপ্তারকৃত আসামি মো. শাহাজামাল (৫০) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম চরকালী এলাকার একটি বসতঘরে ৪ বছর ৯ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ১৮ জুন ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম ও ভোলা সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে একাধিক টিম আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সহযোগিতায় গত ২৩ জুন দুপুরে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহাজামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটির তদন্ত ও অগ্রগতি জেলা পুলিশ সুপার নিবিড়ভাবে তদারকি করছেন।