ভোলা প্রতিনিধি:
ভোলা সদর মডেল থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সোমবার (১৬ নভেম্বর) তিনি এসব ঘটনাস্থল পরিদর্শন করে মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা ও গুরুত্বপূর্ণ আলামত পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মাদক, বাল্যবিবাহ ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহ কুফল তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।