বুধবার (১২ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বড় মৎস্য বোটে তোলার সময় ২৯৩ বস্তা সার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে সার, ট্রাক ও আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
আটকরা হলেন—নোয়াখালীর আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশনের মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।
স্থানীয় একটি সূত্রের দাবি, বেতুয়া ঘাটকেন্দ্রিক নৌপথে দীর্ঘদিন ধরে একটি চক্র সারসহ বিভিন্ন পণ্য পাচারে জড়িত বলে অভিযোগ রয়েছে। এমনকি মিয়ানমার থেকে ফেরার পথে মাদকসহ অবৈধ পণ্য আনারও অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়। ঘাটে থাকা বোটটির বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি সার পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।