অঞ্জনা রানী নিউজ ডেস্ক ভোলা প্রকাশঃ
ভোলা জেলা কারাগারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি প্রাথমিক চিকিৎসা বিষয়ক ‘বেসিক লাইফ সাপোর্ট’ (BLS) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কারাগারে যেকোনো জরুরি মুহূর্তে বা আকস্মিক অসুস্থতায় তাৎক্ষণিকভাবে জীবন রক্ষায় করণীয় সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “হৃদরোগের মতো জরুরি পরিস্থিতিতে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক পদ্ধতিতে লাইফ সাপোর্ট বা প্রাথমিক চিকিৎসা দিতে পারলে একটি মূল্যবান প্রাণ বাঁচানো সম্ভব। কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় এই প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও মানবিক সেবার মান আরও বাড়িয়ে দেবে।”
প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলা কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের সিপিআর (CPR) প্রদানসহ কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চালুর বিভিন্ন ব্যবহারিক কৌশল হাতে-কলমে শেখানো হয়।