ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, স্মার্টফোন, একটি সুইচগিয়ার চাকু ও নগদ ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতখান থানার এসআই মো. রাকিব হাসান ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাজিবের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ডোপ টেস্ট করা হলে গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
জব্দ করা আলামত থানার মালখানায় জমা রাখা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।