জেলা লিগ্যাল এইড অফিস, ভোলার আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত বিনামূল্যের আইনগত সহায়তা সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় উপস্থিত ব্যক্তিদের জানানো হয়, আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সহজেই ন্যায়বিচার পেতে পারেন, সে লক্ষ্যেই জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভোলা জেলা লিগ্যাল এইড অফিসের সেবাগুলো জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকের। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সিনিয়র সিভিল জজ জনাব শহীদুল ইসলাম আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন।
বক্তারা বলেন, আদালতে মামলা পরিচালনা, আইনগত পরামর্শ, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিসহ নানা বিষয়ে সরকার বিনামূল্যে সহায়তা দিয়ে থাকে। তাই আইনি সমস্যায় দালাল বা প্রতারকের শরণাপন্ন না হয়ে সরাসরি জেলা লিগ্যাল এইড অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
জনসচেতনতামূলক এ ধরনের উঠান বৈঠক সাধারণ মানুষের মধ্যে আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।