নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা ও মো. মাকসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল দলের সমর্থনে বোরহানউদ্দিন উপজেলায় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ দিতে আসছিলেন ইসমাইল।
পথিমধ্যে উদয়পুর রাস্তার মাথার কাছে শোভাযাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শোভাযাত্রায় অংশগ্রহণকারী অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই ইসমাইলের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের শোভাযাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের মিছিলে। স্থানীয়রা সড়কে আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।