মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
পুলিশ সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা, কল্যাণ ও আবাসন সুবিধা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই (MI) সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
উদ্বোধনকৃত আধুনিক এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ৮টি এবং নারী সদস্যদের জন্য ২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত সদস্যদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোর আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা দ্রুত, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
একই সঙ্গে পুলিশ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা বাড়াতে আধুনিকায়ন করা হয়েছে পুলিশ লাইন্সের মেহমানখানা। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে জেলা পুলিশের কল্যাণমূলক অবকাঠামো আরও শক্তিশালী হবে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, কর্মক্ষম ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার চালু, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, পৃথক কোয়ারেন্টাইন কক্ষ এবং আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করুন।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আধুনিকায়িত হাসপাতাল, এমআই সেন্টার, কোয়ারেন্টাইন কক্ষ, মেডিসিন স্টোর, মেহমানখানা ও অন্যান্য সুবিধা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশের মতে, সদস্যদের কল্যাণে উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ ভবিষ্যতে পুলিশ বাহিনীর সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।