ভোলা প্রতিনিধি:
ভোলা সদর মডেল থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বার্ষিক পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সোমবার (২৩ নভেম্বর) তিনি ভোলা সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে হাউস গার্ড সালামি প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি থানার ব্যারাক, হাজতখানা, ডিউটি অফিসারের কক্ষ, অফিসারদের কক্ষ, নারী ও শিশু হেল্প ডেস্ক, অস্ত্রাগার এবং থানা মেস সরেজমিনে পরিদর্শন করেন। এসব স্থানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আহসানুজ্জামান, পিপিএম; ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১সহ ভোলা সদর মডেল থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা।