ভোলা প্রকাশ ডেস্ক
ভোলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। বুধবার (২১ অক্টোবর) ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের নিয়মিত তদারকি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।