বোরহানউদ্দিন প্রতিনিধি |
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ মেহেদী হাসান সবুজ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমিন উদ্দিন হাওলাদার বাড়ির পাশে খালপাড় রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. ইব্রাহিম হোসেন নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল সবুজের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা, নগদ ৬ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার মেহেদী হাসান সবুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।