মো.ছিদ্দিকুর রহমান সোহেল॥
ভোলা জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জীর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নতুন করে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের ঘোষণা দেওয়া হলেও আজও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালের অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যাত্রীদের বসার স্থান, ড্রেনেজ ব্যবস্থা, শৌচাগারসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বেহাল অবস্থা প্রতিনিয়ত দুর্ভোগ বাড়াচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই টার্মিনালের বিভিন্ন স্থানে পানি জমে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, ভোলা জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই বাস টার্মিনালটির আধুনিকায়ন সময়ের দাবি। বহুবার নতুন করে নির্মাণের কথা শোনা গেলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং জেলার যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে দ্রুত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালকে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।