
ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামত ও ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী সভাপতি আমজাদ হোসেন খান। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তিনি পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে পরবর্তী সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য। এ জন্য তিনি সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, লালমোহনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
এদিকে, নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করে রিপোর্টার্স ইউনিটির আগামী দিনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।