মো.ছাইফুল ইসলাম (জিহাদ), লালমোহন (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি আয়রন ব্রিজ বালুবাহী ট্রাকসহ ধসে পড়েছে। এ ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের পূর্ব প্রান্তে ধলীগৌরনগর ও রমাগঞ্জ ইউনিয়নের সংযোগকারী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ট্রাকচালক মো. নাঈম (২৩) ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এলাকার ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলীগৌরনগর ও রমাগঞ্জ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ব্রিজটি ব্যবহার করছিলেন। মঙ্গলবার সকালে একটি বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে জরাজীর্ণ ব্রিজটি খালের মধ্যে ধসে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক মো. নাঈম নিহত হন। এ সময় ট্রাকে থাকা হেলপার সুমন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার বা নতুন সেতু নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অবহেলার কারণেই একটি তাজা প্রাণ ঝরে গেছে বলে দাবি তাদের। তারা দ্রুত সেখানে একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।