ভোলার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতায় উৎসাহ দিলেন পুলিশ সুপার, ইতিবাচক ডিজিটাল সংস্কৃতির আহ্বান
ভোলা প্রতিনিধি:
তরুণদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভার বিকাশ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক কনটেন্ট তৈরিতে উৎসাহিত করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানের শুরুতে ১২ নভেম্বর উপকূলীয় দিবস উপলক্ষে উপকূলের মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
[gallery ids="8896"]
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং, ভোলা জেলার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কায়েদ এবং ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীল ও গঠনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি মাদক, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি, ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে এই মাধ্যম ব্যবহার করতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভোলার তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি সৃজনশীল ও সুস্থ ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।