
ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মনির হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঘোষিত ছয় সদস্যের আংশিক কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ভোলা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নবগঠিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও রয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।