মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
ভোলায় বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত 'সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬'-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকের। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় ভোলার বিচার বিভাগের অন্যান্য বিজ্ঞ বিচারক মহোদয়গণ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দক্ষ ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিচারপ্রার্থীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রশিক্ষণার্থীরা এমন সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করায় ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।