ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
ভোলা সদর উপজেলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই পরিবারের সদস্য বিনু বেগম (৪৫), আবুল কালাম (৫৫), আলাউদ্দিন ও আরজু বেগম।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে আবুল কালাম তার পুরোনো রান্নাঘর সংস্কারের কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী মো. আব্দুল্লাহ ও মো. মাইনুদ্দিন ওই কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বিনু বেগম, আবুল কালাম, আলাউদ্দিন ও আরজু বেগম আহত হন। আহতদের মধ্যে বিনু বেগমের হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আবুল কালাম বলেন, “আমি আমার নিজ জায়গায় ঘর তুলছিলাম। এ সময় আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমার পরিবারের চারজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আব্দুল্লাহ। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”