ভোলায় মেয়েকে উদ্দেশ্য করে চিঠি লিখে আত্মহত্যা করলেন বাবা।
অনন্ত হাসান মাসুদঃ
ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারের এক জুতা ব্যবসায়ি চিরকুট লিখে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। লালমোহন থানা পুলিশ লাশ উদ্ধারের পর বিনা ময়নাতদন্তে তা পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ডাওরি বাজারে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান 'কালমা সু গ্যালারী' থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আত্মহত্যা করা ওই ব্যবসায়ির নাম মো. খোকন বয়াতি (৩০)। তিনি উপজেলার কালমা ইউনিয়নের কালমা গ্রামের পঞ্চত আলী বয়াতির ছেলে। দীর্ঘ কয়েকবছর যাবত তিনি ডাওরি বাজারে 'কালমা সু গ্যালারী' পরিচালনা করে আসছিলেন। নুহা নামে তাঁর ৬ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। তাকে উদ্দেশ্য করেই আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গিয়েছিলেন।
এসআই শাহাজাহান জানান, খোকন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি তাঁর একমাত্র মেয়ে নুহাকে উদ্দেশ্য করে লিখেছেন, ' আমার একমাত্র মেয়ে নুহাকে যেন আমার ভাগ্নের সঙ্গে বিয়ে দেয়া হয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না'।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, খোকন আত্মহত্যা করার সময় 'কালমা সু গ্যালারীর' সাটার চাপানো ছিল। তবে তিনি ব্যবসায়িক লোকসান কিংবা পারিবারিক কোনো কারনে আত্মহত্যা করেছে কিনা সেটা স্পৃষ্ট নয়।
লালমোহন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খোকনের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।