
বিদ্যুতের চাহিদা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরবরাহ। ফলে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছেন ভোলা ও বোরহানউদ্দিন পৌরসভাসহ আশপাশের এলাকার গ্রাহকরা।
ওজোপাডিকোর সংশ্লিষ্ট এলাকার মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ২১ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ১৪ মেগাওয়াট। অর্থাৎ ঘাটতি রয়েছে ৭ মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় ৩৩ দশমিক ৩ শতাংশ।
এই ঘাটতি পূরণে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে বলে জানা গেছে। এতে তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা।
চাহিদা যখন ২১, সরবরাহ কেন ১৪?
আর এই ৭ মেগাওয়াট ঘাটতি পূরণে স্থায়ী সমাধানই বা কবে?
বিদ্যুৎ গ্রাহকদের দাবি, সাময়িক লোডশেডিং নয়—চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধান কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক।