
ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫ মিনিটের দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন সৈয়দ বাড়ির সামনে বেতুয়া-চরফ্যাশনগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালু মাতব্বর বাড়ির রুহুল আমিন ওরফে বশির মাতব্বরের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।