ভোলার নিজস্ব গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর এ উদ্যোগকে জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি ভোলার বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, বড় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে ভোলায় শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরি হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
দীর্ঘদিন ধরে ভোলার গ্যাসসম্পদকে স্থানীয় উন্নয়নে কাজে লাগানোর দাবি জানিয়ে আসছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে।
স্থানীয়দের দাবি, ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভোলার গ্যাসসম্পদকে জেলার উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা হোক। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান, শিল্পায়ন ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা হোক।
ভোলাবাসীর প্রত্যাশা—ভোলার গ্যাসে শুধু বিদ্যুৎ নয়, জ্বলুক উন্নয়নের নতুন আলো।