ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : আসন্ন বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবিরের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
রবিবার (১০ মে) বাদ আছর পৌরসভার ২নং ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন তার নিজ বাসভবনের সামনে অবস্থিত মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন তিনি।
দোয়া ও মিলাদ মাহফিলে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরবাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মনিরুজ্জামান কবির। এসময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রচারণা শুরুর সময় মনিরুজ্জামান কবির বলেন, “দীর্ঘদিন ধরে আমি দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। হামলা-মামলা, জেল-জুলুম উপেক্ষা করে দল ও জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আজ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে কাজ করবো।”
তিনি আরও বলেন, “বোরহানউদ্দিন পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পৌরসভার সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার শক্তি। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে চাই।”
উল্লেখ্য, গত ৬ মে বোরহানউদ্দিন পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম আসন্ন পৌরসভা নির্বাচনে মনিরুজ্জামান কবিরকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে সমর্থন জানান। এসময় তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, জেল-জুলুম ও হামলা-মামলার শিকার ত্যাগী নেতা হিসেবে মনিরুজ্জামান কবির নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের মনিরুজ্জামান কবিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকার কারণে মনিরুজ্জামান কবির ইতোমধ্যে পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্য দিয়ে বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনের মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।