ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দিন দিন বাড়ছে হামের প্রকোপ। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চিকিৎসক ডা. আশরাফুজ্জামান শুভ।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন এবং বছরের বেশিরভাগ সময় ফেসবুক আইডি ডিএক্টিভ করে রাখেন। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনগণকে সচেতন করতে বাধ্য হয়ে তিনি পোস্টটি দিয়েছেন।
পোস্টে ডা. শুভ উল্লেখ করেন, তার চেম্বারে প্রতিদিনই একাধিক হাম আক্রান্ত রোগী আসছেন। শুধু বোরহানউদ্দিন নয়, পার্শ্ববর্তী তজুমউদ্দিন উপজেলা ও লালমোহন উপজেলা থেকেও আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। তিনি জানান, শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম ছড়িয়ে পড়ছে, যা আরও জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার প্রাণের সোনামণিকে হামের টিকা দিন। বাংলাদেশ সরকার হাম-রুবেলা ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে টিকা কার্যক্রম পরিচালনা করছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা না দিয়ে থাকলে অবশ্যই টিকা নিশ্চিত করুন।”
চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, শরীরে লাল র্যাশ বা দাগ, কাশি, শ্বাসকষ্ট, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ দিয়ে পানি পড়া— এসব হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান ডা. শুভ। পাশাপাশি আক্রান্ত শিশুকে বাসার অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শও দেন তিনি।
ফেসবুক পোস্টে ডা. শুভ আরও উল্লেখ করেন, গ্রামাঞ্চলে হামের টিকা নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার ও ভুল ধারণা প্রচলিত রয়েছে। তিনি এসব গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় জ্বর ও চর্মরোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। তাই দ্রুত স্বাস্থ্য বিভাগের নজরদারি বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর দাবি জানিয়েছেন তারা।
চিকিৎসক ডা. আশরাফুজ্জামান শুভ বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের সন্তান। তিনি সপ্তাহে ৬দিন বোরহানউদ্দিন হসপিটাল সড়কের ইসলামিয়া ডায়াগনস্টিকে রুগী দেখেন। পোস্টের শেষে তিনি মহান আল্লাহর কাছে সকলকে এই মহামারী থেকে হেফাজতের প্রার্থনা করেন।