ইউসুফ হোসেন অনিক স্পেশাল করেসপন্ডেনট, ভোলা প্রকাশ:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চাঁন মিঞা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আব্দুল বারেক (৭০), বিবি হাজেরা (৫৫) এবং মো. তৈয়ব (২০)। তাদের মধ্যে বিবি হাজেরা ও আব্দুল বারেক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাসির বাঘা ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি-ধামকির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।
আহত বিবি হাজেরার ভাই ইব্রাহিম জানান, মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে হামলার শিকার হন তার ভগ্নিপতি ও ভাগিনা। তিনি অভিযোগ করেন, কবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার বোন বিবি হাজেরা চিৎকার শুনে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্যে রুহুল আমিন, বাবুল, মফিজ, কবির, মিনারা ও মিনজুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।