সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নয়ন মৃধাসহ তসলিম, নাইম, চম্পা, মোতাহার মৃধা, পদ বানু ও পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তারা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৬ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার সাচরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত নয়ন মৃধা জানান, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। কিন্তু একই এলাকার সুলতান মৃধা ও আসাদুল গ্রুপ দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা সমাধানের আশ্বাস দেন। তবে এর আগেই অভিযুক্তরা জমি দখলের চেষ্টা করলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান মৃধা, আসাদুল, জামসেদ, জিহাদ, করিম, নুরে আলমসহ প্রায় ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
নয়ন মৃধা আরও বলেন, "হামলার পরও অভিযুক্তরা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমরা ও আমাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"