বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অনিয়মের চিত্র প্রকাশের প্রত্যয় নিয়ে নানা আয়োজনে ভোলায় উদযাপিত হয়েছে জাতীয় গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ভোলা প্রতিনিধি এইচ. এম. হাবিবুল্লাহ্-এর সঞ্চালনায় এনপিবি নিউজের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোবহান। তিনি বলেন, “এক বছরের পথচলায় এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি ও বাস্তব চিত্র তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করেছে। বিগত দিনে আমরা তাদের স্বচ্ছতা দেখেছি। আশা করি, ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটি বহুদূর এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। তিনি বলেন, “এনপিবি নিউজ ইতোমধ্যে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের এই সাফল্যে আমি আনন্দিত। ভবিষ্যতেও আমাদের যথাযথ সহযোগিতা থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমটিকে দৃঢ় অবস্থানে থাকতে হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মোমিন বলেন, “এনপিবি নিউজ গণমানুষের আস্থার একটি গণমাধ্যম। আমরা তাদের স্বচ্ছতা দেখেছি। আশা করি, তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে, কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সহসভাপতি সুলাইমান, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আ. কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রনিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে গণমাধ্যমটির দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তির আয়োজন সম্পন্ন হয়।