
অঞ্জনা রানী ভোলাঃ
গ্রামবাংলার শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ শিল্পের ধারাবাহিকতা ধরে রাখতে ভোলার সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯তম তিন দিনব্যাপী কবিগানের আসর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পাল্টাপাল্টি যুক্তি, তর্ক, ছন্দ আর সুরের মূর্ছনায় দুই কবিয়ালের প্রাণবন্ত লড়াইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন।
আসরকে ঘিরে সাজানো হয়েছে বর্ণিল মঞ্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও লোকজ সংস্কৃতির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে কবিগানের পরিবেশনা উপভোগ করতে উপস্থিত হন স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতা।
কবিগানের চিরচেনা ঢংয়ে এক কবিয়ালের প্রশ্নের জবাবে অন্য কবিয়ালের যুক্তি, পাল্টা যুক্তি ও তাৎক্ষণিক গানের জবাব দর্শকদের মধ্যে তৈরি করে বাড়তি আনন্দ ও উৎসাহ। গানের সুরে সুরে উঠে আসে নানা সামাজিক, ধর্মীয় ও সমসাময়িক বিষয়।
আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান আজও যে মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে, এ আয়োজন তারই প্রমাণ। তিন দিনব্যাপী এ আসরের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ সংস্কৃতি ও কবিগানের ঐতিহ্য তুলে ধরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এ কবিগানের আসর দক্ষিণ বাপ্তার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।