রিয়াজ ফরাজী বোরহানউদ্দিনঃ
ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আলম খান হৃদয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাঁর নেতৃত্বে রাজনৈতিক সহপাঠীদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় অংশগ্রহণকারীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করেন রাজপথ।
এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘রাজপথে নামিস নারে, পিঠের চামড়া থাকবে নারে, আপা আপা করিস না রে, তোদের আপা আসবে নারে’—এমন স্লোগান।
মহড়ায় আলম খান হৃদয় বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসা একজন সাবেক ছাত্রনেতা হিসেবে সেই সময়ের অভিজ্ঞতা তাঁর মনে রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে যারা আগুন সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো অপতৎপরতা বোরহানউদ্দিনে বরদাশত করা হবে না। কেউ নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আলম খান হৃদয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এ মোটরসাইকেল মহড়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। মহড়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর রাজনৈতিক বার্তা দেওয়া হয়।